সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী একটি বাসচাপায় সাঈদ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

রোববার বেলা ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে চন্দ্রাগামী ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। ভাঙচুর করা হয় ইতিহাস পরিবহনের ছয়টি বাস।

সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেফতারের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমই