নড়াইলের লোহাগড়ায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই অভিজিৎ ঘোষ (৩২) খুন হয়েছেন।

গতকাল সোমবার উপজেলার লুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত অভিজিৎ ওই গ্রামের মৃত ফটিক ঘোষের ছেলে। তিনি পেশায় গ্রাম্য পশু চিকিৎসক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বড় ভাই সরোজিৎ ঘোষ (৩৫) বাড়িতে ছিলেন না। ছোট ভাই অভিজিৎকে তিনি পছন্দ করতেন না। নিজে বিয়ে করেননি। গতকাল দুপুরে বাড়িতে এসে ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী কাঞ্চন রানী ঘোষকে হঠাৎ করে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এ সময় ছোট ভাই এগিয়ে এলেতাঁকে ধারালো সড়কি দিয়ে বুকে কোপ বসিয়ে দেন। তখন আশপাশের লোকজন এলে সরোজিৎ পালিয়ে যান। স্থানীয় লোকজন অভিজিৎকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে বিকেল চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লুটিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নিহত অভিজিতের চাচাতো ভাই শ্যামল কৃষ্ণ ঘোষ জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে বড় ভাই সরোজিৎ নেশাগ্রস্ত। তাঁর উচ্ছৃঙ্খল জীবন। গ্রামে তিনি বেশ কিছু অঘটন ঘটিয়েছেন। বাড়ির সবাই সব সময় তাঁর ভয়ে তটস্থ থাকেন।

এমবিএইচ