ঝালকাঠির নলছিটির শহীদ মুক্তিযোদ্বা মফিজ উদ্দিনের পরিবারের ভোগ দখলীয় জমি ও দোকান ঘর কতিপয় ভূমিদস্যু কর্তৃক জবর দখল করার পায়তারার অভিযোগ পাওয়া গেছে। শহীদ মুক্তিযোদ্বার স্ত্রী আফরোজা বেগম নলছিটি রিপোটার্স ইউনিটিতে লিখিত অভিযোগ করে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেছেন।
নলছিটি পৌরসভার পূর্ব মালিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শহীদ মুক্তিযোদ্বা মফিজ উদ্দিনের স্ত্রী আফরোজা বেগমের লিখিত অভিযোগে জানা গেছে, তার স্বামী কর্তৃক রেখে যাওয়া নলছিটি শহরের হাইস্কুল সড়ক ও হাসপাতাল সড়ক সংলগ্ন জে.এল-৪৩ নলছিটি মৌজার এস.এ খতিয়ান-৬৩০,দাগ নং১১৭৮ এ ৯৫ শতাংশ জমি আফরোজা বেগম ও শহীদ মুক্তিযোদ্বার একমাত্র সন্তান মাকছুদা বেগম মনির নামে রেকর্ড হয়। ওই জমিতে দোকান ঘর নির্মাণ করে শহীদ মুক্তিযোদ্বা পরিবার ভোগ দখলে রয়েছেন।
সম্প্রতি নলছিটি পৌরসভার মালিপুর গ্রামের মৃত্যু মুক্তিযোদ্দিনের দুই পুত্র আ: রশিদ ও লিটন হাওলাদার, মৃত্যু মাহতাব উদ্দিনের পুত্র রুস্তুম তালুকদার ও তার দুই পুত্র পলাশ তালুকদার ও সোহাগ তালুকদার উক্ত জমি অবৈধভাবে জবর দখল করার পায়তারা করছে। উক্ত ব্যক্তিরা ভিপি লীজ গ্রহণ করার জন্য নলছিটি পৌর ভূমি অফিসের তহশীলদারের উপরও চাপ সৃষ্টি করছে।
বর্তমানে উক্ত শহীদ মুক্তিযোদ্বা পরিবারের ভোগ দখলীয় সম্পত্তি ভিপি(ক) তালিকাভূক্ত, যা ঝালকাঠীতে অর্পিত সম্পত্তি ট্রাইবুন্যালে মামলা নং-৩৮২৮/১৩ বিচারাধীন রয়েছে। উক্ত জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন থাকা সত্বেও নলছিটির ওই চিহ্নিত ভূমদস্যু চত্রু নলছিটি ভূমি অফিস থেকে ভিপি লীজ গ্রহণ করার জন্য উঠে-পড়ে লেগেছে।
এমন কি আইনগত ভাবে সুবিধা করতে না পেরে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি ও দোকান ঘর দখল করে নেওয়ার অস্ত্রস্বস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এমতাবস্থায় ওই শহীদ মুক্তিযোদ্বা পরিবারের সদস্যরা রাতের ঘুম বন্ধ করে রাত জেগে দোকান ঘর পাহারা দিচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি অবগত হওয়ার পর ওই শহীদ মুক্তিযোদ্বার স্ত্রী নলছিটি থানায় একটি জিডি নং-৬৬ দায়ের করেছেন।এছাড়াও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবগত করেছেন। কিন্তু ওই ভূমিদস্যু চত্রুরা সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়া ও হুমকি ধামকি অব্যাহত রেখেছেন।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





