যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস এশিয়ায় সেরা ৩০ উদ্যোক্তার তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছেন বাংলাদেশের দুই তরুণের নাম।

তারা হলেন অনলাইন শিক্ষা-প্রতিষ্ঠান টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান 'চেঞ্জ'-এর প্রধান সাজিদ ইকবাল। খবর ইউএনবির।

'৩০ আন্ডার ৩০ এশিয়া ২০১৮ : দ্য সোস্যাল এন্ট্রাপ্রেনিউরস ব্রিংগিং পজিটিভ চেঞ্জ টু এশিয়া' শিরোনামে তালিকাটি

গত সোমবার প্রকাশ করে ফোর্বস। গত বছরও এ তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশি তরুণ মো. মিজানুর রহমান কিরণ ও তরুণী সওগাত নাজবিন খান।

শিক্ষামূলক সংগঠন হিসেবে ২০১৫ সালে মোবাইল অপারেটর রবির সহায়তায় 'টেন মিনিট স্কুল' প্রতিষ্ঠা করেন আয়মান সাদিক। ফোর্বস বলছে, সাদিকের অনলাইন স্কুলটি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে শত শত লাইভ ক্লাস, স্মার্ট বই, হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছে। বর্তমানে দেড় লাখের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে গেছে তার এ স্কুল। সম্প্রতি বাংলাদেশ সরকারও এর সহায়তায় এগিয়ে এসেছে।

অন্যদিকে, পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যে সাজিদ ২০১২ সালে প্রতিষ্ঠা করেন 'চেঞ্জ'। প্লাস্টিকের বোতল ব্যবহার করে পরিবেশসম্মত বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে একটি প্রকল্প চালু করেন তিনি। 'বোতলবাতি' নামে তার এ প্রকল্প দ্রুত ব্যাপক সাড়া পায়।

জেড