পানামা পেপারস কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বিষয়টি দুদক তদন্ত করছে। তবে পানামা পেপারসের ফাঁস হওয়া তথ্য কিছুটা অতিরঞ্জিত করা হয়েছে।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে সিলেট নগরের একটি তিন তারকামানের অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে একটি মামলা চলমান থাকায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না। মামলাটি একটা পর্যায়ে গেলে এটি তখন প্রকাশ করা হবে।

সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. জামিলুর রেজা চৌধুরী, স্বাস্থ্য অধিদফরের মহাপরিচালক ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন প্রমুখ।

সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।