নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে তার দায় দায়িত্ব প্রার্থীদের ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন নারায়নগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মিহির সারোয়ার মোর্শেদ।
নারায়নগঞ্জ ৫ আসনের উপ নির্বাচনে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম হওয়ার প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আজ (বুধবার) সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও পরে কয়েকটি কেন্দ্র থেকে পোলিং এজন্টদের বের করে দেয়ার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে মিহির সারোয়ার মোর্শেদ জানান, পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, একটি কেন্দ্রে আনারসের পোলিং এজেন্ট মোবাইল নিয়ে আসার কারণে তাকে মোবাইল রেখে আসতে বলা হয়েছিল। পরে মোবাইল রেখে সে আবার কেন্দ্রে প্রবেশ করেছে।
আমরা চেষ্টা করছি একটা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে। এজন্য আমরা প্রার্থীদের সহায়তা চাচ্ছি। ভোটারদেরও সুশৃঙ্খলভাবে ভোট প্রদানের অনুরোধ জানান তিনি।
ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, যে কয়টি কেন্দ্রে গিয়েছি ভোটার উপস্থিতি কম থাকলেও গণবিদ্যা নিকেতন কেন্দ্রে উপস্থিতি বেশী। ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আমাদের দায়িত্ব ছিল ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখা।
কারো কোনো অভিযোগ থাকলে সেটা আমাদের তাৎক্ষনিক জানানোর আহবান জানান তিনি। ভোটাররা যদি তাদের কেন্দ্র ও কক্ষ সম্পর্কে সঠিক নির্দেশনা না পেয়ে থাকেন তাহলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে।
ঢাকা, এএইচ, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ // কেবি





