রাজধানীর সিআর দত্ত রোডে ‘শিক্ষা-নিলয়’ কিন্টার গার্ডেন স্কুল ভবনের ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালার সন্ত্রাসীরা শিক্ষিকার পেটে লাথি মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে গুরুতর আহত হালিমা আক্তার (২৮) নামে ওই শিক্ষিকা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

রোববার বিকালে ৪৮ সিআর দত্ত রোডের ওই স্কুলে এ ঘটনা ঘটে। ঘটনার সময় শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছিলেন শিক্ষিকা হালিমা।

ওই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ সিকদার জানান, বাড়িওয়ালা আমিন উদ্দিনের পাঁচতলা বাসার তৃতীয় তলায় তিনি স্কুল চালান। কিছু দিন ধরে অর্থিক সংকটে রয়েছেন তাও বাড়িওয়ালাকে জানিয়েছেন।

কিন্তু ভাড়ার দাবিতে বাড়িওয়ালা আমিন উদ্দিন রোববার স্কুলে ভাড়াটে সন্ত্রাসী পাঠান এবং ক্লাসে থাকা শিক্ষিকাকে পেটে লাথি মারে সে সন্ত্রাসী। পরে ওই শিক্ষিকাকে দ্রুত ঢামেক জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন হয়েছেন।

প্রধান শিক্ষক আশুতোষ অভিযোগ করেন, শুধু তাই নয় ওই সন্ত্রাসীরা হালিমাকে নানা সময়ে উত্যক্তও করতো। এ সব বিষয়ে তিনি মামলা করবেন বলেও জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

কেএইচ