পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাটা মিলন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার মিরপুর থানায় চুনিয়াপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মিলন উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধড়দিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশের দাবি, হত্যা অস্ত্রসহ ৫টি মামলার আসামি মিলন স্থানীয় ডাকাত দলের শীর্ষ নেতা।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, রাতে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের নির্জন মাঠের কাছে গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির চেষ্টা হচ্ছে- এমন সংবাদে টহল পুলিশ সেখানে অভিযানে যায়।

ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা ১৮ রাউন্ড গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা উত্তর ও দক্ষিণ দিকে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গাছ কাটার একটি করাত ও চারটি ধারাল রাম দা উদ্ধার করা হয়েছে বলে দাবি ওসির।

এ ঘটনায় ওসি নিজেসহ এসআই শহীদুল ও কনস্টেবল মাইনুল ইসলাম আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসির দাবি, নিহত ডাকাত দলের নেতা মিলন ওরফে ডাটা মিলনের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। পার্শ্ববর্তী থানাগুলোতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এআর