সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলকে বিলুপ্ত করে সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের (অপসারণ) ক্ষমতা দেয়া হলে বিচার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব প্রাতিষ্ঠানীকরণের ঝুঁকি বৃদ্ধি পাবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এক বিবৃতিতে শনিবার এ তথ্য জানিয়েছে টিআইবি। একই সঙ্গে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার বিষয়ে ব্যাপকভিত্তিক জনমত যাচাই এবং সাংবিধানিক ও আইন বিশারদ, গবেষক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিয়ে অগ্রসর হওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গত ১৮ আগস্ট ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরিয়ে দেয়া সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। টিআইবি বলেছে, এ বিষয়ে আরও গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে অভিশংসন প্রক্রিয়া নির্ধারণ করা অপরিহার্য।

বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অভিশংসন প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য এটিকে একদিকে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং অন্যদিকে বিচারপতিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও প্রক্রিয়া নিশ্চিত করে সুনির্দিষ্ট বিধান রাখতে হবে।

‘দেশে সুদীর্ঘকালের লালিত বিদ্বেষপূর্ণ, পারস্পরিক আস্থাহীন ও ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষিতে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলকে বিলুপ্ত করে সংসদের হাতে বিচারকদের অভিশংসনের একচ্ছত্র ক্ষমতা দেয়া হলে বিচার ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় রাজনৈতিক প্রভাবের প্রাতিষ্ঠানীকরণের ঝুকি বাড়বে।’

বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলকে ক্ষমতাহীন করা হলে বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু বজায় থাকবে এবং বিচারকগণ কতটুকু স্বাধীন, দলীয় প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও চাপের ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ