নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহত যাত্রীদের অভিযোগ, চালকের অসাবধানতা ও বেপরওয়া গাড়ি চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে।
বুধবার সকালে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাব এলাকায় এ ঘটনা ঘটে।
ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুলফিকার তালুকদার জানান, সকাল ৬টার দিকে আমলাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে বিসমিল্লাহ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-০৮৬৮) যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এসময় ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। এতে আহত হন অন্তত ৪০ জন। নিহতরা হলেন, জামালপুর জেলার বসুগঞ্জ থানার মালকচর সরকারপাড়া এলাকার অহিজল হকের ছেলে জজ মিয়া (৩৫) ও অজ্ঞাত (৪০) । আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, রাতে কুড়িগ্রামের রৌহমারী এলাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।রাস্তায় বাস উল্টে যাওয়ায় দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়ে আটকা পড়েছে শত শত মালবাহী যানবাহন।
ইআর





