রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ফার্মগেট ও গুলিস্তান এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।
ফার্মগেটের গ্রিন রোডে ট্রাকের ধাক্কায় লেগুনাযাত্রী জুনায়েদ হোসেন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচা জাকারিয়া (২৩) আহত হয়েছেন।
নিহত জুনায়েদ নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার আটকাপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি দর্জির দোকানে কাজ করতেন।
আহত জাকারিয়া জানান, মঙ্গলবার সকালে ঈদ শেষে তারা লেগুনাতে করে কামরাঙ্গীরচরের নবীনগরের বাসায় ফিরছিলেন। পথে একটি ট্রাক তাদের লেগুনাকে ধাক্কা দিলে তারা আহত হন।
পরে আহতাবস্থায় পথচারীরা তাদরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সকাল সোয়া ৭টায় কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারসংলগ্ন সড়কে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় জেসমিন আকতার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৬টায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় জেসমিন আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি, জেআই





