আওয়ামী লীগ মনে করেছে তারা গতবারের মত এবারও নিজেদের মন মত করে লোক দেখানো নির্বাচন উৎসব করে আবার ক্ষমতায় যাবে। কিন্তু এবার তা আর হবে না।
এই সরকারকে পরাজিত করার জন্য বিএনপি কঠোর আন্দোলন গড়ে তুলবে আর এই আন্দোলনের মাধ্যমে এই সরকার পতনে বাধ্য করা হবে। আগামী ২০১৯ সালের নির্বাচনে বিএনপি নির্বাচন সহায়ক সরকার গঠন করার মধ্যে দিয়ে নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
শনিবার বিকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিনিধি সভায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: শাহ আলম’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলো বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (চট্টগ্রাম বিভাগ) সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলো বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (চট্টগ্রাম বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ হারুন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এড. দীপেন দেওয়ান, সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) মনিষ দেওয়ান, সদস্য রবীন্দ্র লাল চাকমা।
প্রতিনিধি সভায় রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ আরো বলেন, এখন আর নিজ দলের মধ্যে মারামারি, কোন্দল রাখার সময় নেই। এখন দেশ মাতৃকা রক্ষায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করার সময়। এই মুহূর্তে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে আন্দোলন গড়ে তুলতে হবে।
এই আন্দোলনের মধ্যে দিয়েই এই সরকারকে পরাজিত করতে হবে। তাই তিনি সকল নেতাকর্মীকে ঘরে বসে না থেকে এবং নিজেদের মধ্যে দল ভাগ না করে সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান।
মাসুম/এমএনজে





