চাঁদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও শিশুসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতের আনুমানিক বয়স (৩০)। তবে তাৎক্ষণিক তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার (৩১ মার্চ) বেলা সোয়া ২টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কে সদর উপজেলার নিজগাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি (৬০), রায়পুরের অটোরিকশা চালক মো. আলাউদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা আরেকজন পুরুষ আছেন যার অবস্থা আশঙ্কাজনক ছিল। এছাড়া অন্য আহতরা হলো- মাজেদ মাঝির স্ত্রী পেয়ারা বেগম (৫০) ও তাদের সঙ্গে থাকা ৪ বছর বয়সী শিশু।
হাসপাতালের মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস জব্দ করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এবিএস





