সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই ১ নম্বর সলিড স্পারে আবারও ধস দেখা দিয়েছে। নতুন করে আবার ধস দেখা দেওয়ায় যমুনা নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত স্পারের প্রায় ২৫ মিটার যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে।

সিরাজগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ও বুধবার সকালে আকস্মিক ওই স্পারে ফের ধস নামে। এতে স্পারের স্যাংকের মাটির অংশে প্রায় ৩০ মিটার যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। যমুনার পানি তৃতীয় দফা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবল ঘূর্ণাবর্তের কারণে এ ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে সেখানে বালির বস্তা ফেলা হচ্ছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, ভাঙনরোধে সেখানে বালির বস্তা ফেলা হচ্ছে। তবে এখনও ভাঙন থামেনি।
নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান জানান, প্রবল ঘূর্ণাবর্তের কারণে এ ভাঙন শুরু হয়েছে। কয়েক দিনের ভারি বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবারও সলিড স্পারে ভাঙন দেখা দেয়।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই