এবারও খাদ্য উদ্ধৃত্ত অঞ্চল শেরপুর জেলায় বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বাজার মূল্যের চেয়ে সংগ্রহ মূল্য কম থাকায় চালকল মালিকরা আর্থিক ক্ষতির আশঙ্কায় সরকারি চাহিদা মোতাবেক গুদামে ধান-চাল সরবরাহ না করায় ওই অবস্থা হয়েছে।

জানা গেছে, চলতি মৌসুমে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ২ হাজার ৮শ’৩২ মেট্রিক টন বোরো ধান এবং ৪০ হাজার ৫শ’৫৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এজন্য জেলার তালিকাভুক্ত ৬শ’৭০ জন চালকল মালিকদের মধ্যে ৬শ’ ৪ জন চালকল মালিক খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি অনুযায়ী ওইসব চালকল মালিকদের গুদামে ৩৩ হাজার ৬শ’৫৮ মেট্রিক টন চাল সরবরাহ করার কথা। কিন্তু এ বছর বোরো ধান ও চালের সংগ্রহ মূল্য প্রতি কেজি ২০ ও ৩১ টাকা নির্ধারিত হয়।

গত ১৭ মে শেরপুরে ধানচাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলে ৩০ আগস্ট পর্যন্ত। কিন্তু ওই সময়সীমায় জেলার খাদ্য গুদামগুলোতে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ২৮ হাজার ৪শ’৩৯ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। এ পর্যন্ত কোনো ধান সংগ্রহ হয়নি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জি.এম. ফারুক পাটোয়ারী বলেন, সংগ্রহ মৌসুমের শুরুতে কৃষকদের উৎপাদিত বোরো ধান ভেজা ও অপরিচ্ছন্ন থাকায় শেরপুরে সাধারণত ধান সংগ্রহ করা হয় না।

তিনি জানান, ২০১২ সাল ছাড়া ২০১১ ও ২০১৩ সালেও জেলায় বোরো ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০১১ সালে ৪৪ হাজার ৫শ’৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ১৩ হাজার ৫শ’৫৮ মেট্রিক টন চাল এবং ২০১৩ সালে ৪২ হাজার ৪৯ মেট্রিক টন চালের বিপরীতে ৩৬ হাজার ৩শ’৭৫.১ মেট্রিক টন চাল সংগৃহিত হয়েছিল।

২০১৩ সালেও কোন ধান সংগৃহিত হয়নি। ধান-চাল সংগ্রহ মূল্যের চেয়ে বাজার মূল্য বেশি থাকায় প্রতি বছরই নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে তিনি জানান। তবে শোনা যাচ্ছে সংগ্রহের সময়সীমা বাড়ানো হবে।

শেরপুর জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন বলেন, বর্তমানে ধানের মূল্য অত্যন্ত চড়া। তাই সরকার নির্ধারিত চালের দাম কম হওয়ায় চুক্তিবদ্ধ চালকল মালিকরা লোকসান দিয়ে গুদামে চাল সরবরাহে উৎসাহ হারিয়ে ফেলায় চলতি বোরো মৌসুমে শেরপুরে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

তবে সময়সীমা বাড়িয়ে চালের দাম পুনর্নির্ধারণ করলে ওই লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে বলে তিনি মনে করেন।  

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ