প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিদেশে বাংলাদেশকে দারিদ্র দেখিয়ে খাদ্য আমদানি করে তা আত্মসাৎ করেছে বিএনপি-জামায়াত।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে পারি। উৎপাদিত পণ্য আমাদের পাশ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করতে পারি।’

এসময় তিনি পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেট জাতকরণসহ রপ্তানি খাতে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, কৃষিকে আমরা একটা সম্মানজনক অবস্থানে দাঁড় করাতে পেরেছি। শুধু যে ধান উৎপাদন বাড়িয়েছি তা নয়, সব কিছুর উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছি আমরা।

কৃষি উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত সাত বছরে ভর্তুকি বাবদ মোট ৫১ হাজার ৮৪ কোটি টাকা উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে।

কৃষকের মধ্যে বিনামূল্যে বা স্বল্পমূল্যে কৃষি উপকরণ বিতরণের জন্য বিগত সাত বছরে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচি হিসেবে ৪৭৯ কোটি ২৮ লাখ টাকা উন্নয়ন সহায়তা প্রদান করা হয়। সরকারের পাশাপাশি কৃষিখাতে বিনিয়োগে বেসরকারি খাতকেও উৎসাহিত করা হচ্ছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি উন্নয়নে দেশের সার্বিক উন্নয়নের বীজ নিহিত রয়েছে। বিষয়টি উপলব্ধি করতে পেরে বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেজন্য কৃষিকে প্রাধান্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করেন।

এআই