চট্টগ্রামের বাঁশখালীতে দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছলিমউল্লাহ (২২) নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। তবে বর্তমানে আসামি পলাতক রয়েছে।
আদালতের নথি থেকে জানা যায়, বাঁশখালীর চাম্বল গ্রামের দশ বছর বয়সী এক শিশু ২০১০ সালের ২৪ এপ্রিল বিকাল ৪টার দিকে চাম্বল জঙ্গলের ভেতরে ছাগল আনতে যায়। শিশুটিকে একা পেয়ে ছলিমউল্লাহ জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ২৯ এপ্রিল বাঁশখালী থানায় ছলিমউল্লাহকে আসামি করে একটি মামলা দায়ের করেন শিশুটির মা।
এতে পুলিশ তদন্ত করে ২০১০ সালের ১৫ জুলাই ছলিমউল্লাহের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৮ জুলাই ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট জেসমিন আক্তার জানান, বাঁশখালীতে শিশু ধর্ষণের অভিযোগে উল্লেখিত ১১জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে ট্রাইব্যুনাল এ রায় দিয়েছেন।
ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
কেএইচ





