প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করছে আওয়ামী লীগ সরকার। গ্রামের মানুষের জীবন মান উন্নত করতে না পারলে রাজনীতি করার কোনো মূল্য নেই।
রোববার সকালে নিজ কার্যালয়ে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন বছরে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চান, যাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ খেলতে না পারে এবং উন্নয়নের গতিধারাও অব্যাহত থাকে।
এ সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দরিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে বাংলাদেশের সময় লেগেছিল ৩৮ বছর। এ অর্থবছরে জিডিপি ২০০ বিলিয়ন ডলারে উন্নীত হবে। এ ধরনের সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সময় মতো শেষ করতে সচিবদের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে ৪৮টি মন্ত্রণালয়, বিভাগের সচিবরা দ্বিতীয়বারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
এএইচ





