নাটোরের লালপুরে আব্বাস আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। একই সময় ধারালো অস্ত্রের আঘাতে জমির উদ্দিন নামের আরো একজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জমির উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আব্বাস আলী ও মিজান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বে একাধিকবার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি এলাকায় আব্বাস আলী ও তার সহযোগী জমির উদ্দিন বিশ্বাস কথা বলছিল। এ সময় অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে মিজান গ্রুপের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় আব্বাস আলী পালাতে গেলে তার হাতে ও পায়ে গুলি করা হয়।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে মিজান গ্রুপের লোকজন পালিয়ে যায়। আহত অবস্থায় আব্বাস আলী ও জমির উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আব্বাস আলীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
এমবি





