খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার হেডম্যানপাড়া আনসার ক্যাম্পে গুলি করে হিল আনসারের নায়েক আমির হোসেনকে হত্যার ঘাতক আনসার সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে দীঘিনালা থানা পুলিশের একটি টিম উপজেলার চোংড়াছড়ির মনের মানুষ এলাকা থেকে ঘাতক রফিকুল ইসলামকে গ্রেফতার করে।

ঘাতক রফিকুল ইসলামের নিয়ে যাওয়া অস্ত্র ও ৮০ রাউন্ড গুলি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পার্শবর্তী জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আমির হোসেনের বড় ছেলে ফরিদ মিয়া জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে হেডম্যানপাড়া আনসার ক্যাম্পে দুই সহকর্মীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আনসার সদস্য রফিকুল ইসলাম তার বাবা নায়েক আমির হোসেনকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত আমির হোসেন জেলার পানছড়ি উপজেলার মৃত রজব আলীর ছেলে। অন্যদিকে ঘাতক রফিকুল ইসলাম জেলার মাটিরাঙা উপজেলার বলিটিলা গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই ঘাতক রফিকুল অস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে যান।

এসএইচ