ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এসময় আরও ১০জন আহত হয়েছেন।
এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাইনুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ওসি মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকে যান দুটির চালক পলাতক আছে।
এমবি





