করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১৩ এবং ৭৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৪৬৫ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৪৮ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৫৩৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন।
শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৪৫টি ও নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৯৪৭টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭১ লাখ ৮৬ হাজার ৩৮৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ঢাকায় ৬৮, খুলনায় ৩৯, চট্টগ্রামে ৩৬, রাজশাহীতে ১৪, বরিশালে ৮, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩৬, ৪১ থেকে ৫০ বছরের ৩০, ৩১ থেকে ৪০ বছরের ১১, ২১ থেকে ৩০ বছরের ৭ জন এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।
এর আগে ১৫ জুলাই (বৃহস্পতিবার) ২২৬ জনের মৃত্যু হয়। বুধবার ২১০ জন, মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার রেকর্ড ২৩০ জন মারা যান। তার আগে ১০ জুলাই (শনিবার) ১৮৫, ৯ জুলাই (শুক্রবার) ২১২ ও ৮ জুলাই (বৃহস্পতিবার) ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
এমবি





