সুপ্রিমকোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি সরিয়ে (স্থানান্তর) নিতে বা ঢেকে দিতে প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার প্রধান বিচারপতিকে এ পরামর্শ দিয়েছেন বলে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিজেই জানিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মন্ত্রীর সঙ্গে আলাপে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে বিষয়টি নিয়ে তার কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ওই অনুষ্ঠানে আমি প্রধান বিচারপতিকে বলেছি, সুপ্রিমকোর্টের সামনে যে গ্রিক ভাস্কর্য জাস্টিশিয়া তৈরি করেছেন, এ জাস্টিশিয়া কোথায় পেয়েছেন? এ ভাস্কর্যে আবার শাড়ি পরিয়েছেন। যা পরা ছিল, তাই পরান। দেখতেও তো সুন্দর না, আবার পরানো হয়েছে শাড়ি- শেখ হাসিনাকে উদ্ধৃত করেন বৈঠকে উপস্থিত থাকা একেকজন।
প্রধানমন্ত্রী বলেন, আমি বলেছি, কাছেই জাতীয় ঈদগাহ ময়দান। সেখানে ঈদের নামাজ পড়া হয়। ওখান থেকে এ ভাস্কর্য দেখা যায়। হয় ওই ভাস্কর্য ওখান থেকে সরিয়ে (স্থানান্তর) দেন, আর না হলে ওই ভাস্কর্যকে ওই দিক থেকে আড়াল করে দেয়ার ব্যবস্থা করেন, যেন ঈদগাহ থেকে দেখা না যায়।
সূত্র জানায়, বিচারপতিদের আবাসিক ভবনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রের তিন অঙ্গ আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে যে বক্তব্য দেন, সে বক্তব্যের প্রশংসা হয় মন্ত্রিসভায়। এ সময় সুপ্রিমকোর্টের সামনের নবনির্মিত গ্রিক মূর্তি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই তোলেন বলে জানা গেছে।
টাইমনিউজবিডি.নেট/মাহমুদ





