মুন্সীগঞ্জে চা-রুটি খেয়ে ১৩ গরু ব্যবসায়ী অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জ মুক্তারপুরে বিসিক গরুর হাটের পাশে চায়ের দোকানে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে তাঁরা চা ও রুটি খেতে যান। খাওয়ার পর ব্যবসায়ীরা একে একে অজ্ঞান হয়ে পড়েন।

অজ্ঞান হওয়া গরু ব্যবসায়ীরা সবাই মানিকগঞ্জ থেকে গরু বিক্রির জন্য মুন্সীগঞ্জ সদরে মুক্তারপুর বিসিক হাটে যান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মুহাম্মদ মুরাদ হোসেন জানান, ১৩ রোগীর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। বাকিদের তেমন গুরুতর নয়। প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে, খাদ্যদ্রব্যের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে কিছু খাওয়ানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. আলমগীর হোসেন জানান, রাত ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ১৩ জন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিংসাধীন রয়েছেন। চা দোকানদারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।