রসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলী বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। তবে তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বুধবার দুপুরে ১১০ পিস ইয়াবাসহ তাকে আটক করার পর বিকেলে পুলিশ জানায়, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তবে নিহতের স্বজনদের দাবি, পুলিশের নির্যাতনেই মোহাম্মদ আলী মারা গেছেন। এ ঘটনায় বেলাবো এলাকায় দোকান বন্ধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা ।

নিহত মোহাম্মদ আলীর স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, ‘বাড়ির পাশের নিজ স্টেশনারি দোকান থেকে ধরে নিয়ে যাওয়ার সময়ই আলীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এর ফলেই তার মৃত্যু হয়।’

নিহতের মা অনুফা বেগম বলেন, ‘সে অপরাধী হয়ে থাকলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তা না করে ডিবি পুলিশ তাকে নির্যাতন করে মেরে ফেলেছে।’

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুর রহমান জানান, বুধবার দুপুরে ১১০ পিস ইয়াবাসহ আলীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার। আটকের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটেছে। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামসুর রহমান জানান, শ্বাসকষ্টজনিত কারণে আলী নামের ওই যুবককে বিকেল ৩টা পাঁচ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৯ মে ডিবি পুলিশের হেফাজতে দ্বীন ইসলাম নামে নরসিংদী শহরের ভেলানগর মহল্লার এক যুবকের মৃত্যু হয়।

এমবিএইচ