লক্ষ্মীপুরের পূর্ব চররমনী মোহন গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারের কারণে বুধবার বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায়ও দুই শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এতে বেড়ির ভেতরে পানি ঢুকে কয়েক'শ একর আমন ধানের বীজতলা নষ্ট ও অন্তত কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা গেছে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সদর উপজেলার ২০ নং পূর্ব চররমনী মোহন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি। ঘরের ভেতর ও বাড়ির উঠানে এক হাঁটু পানি। লোকজন খাট ও ছকির ওপর অবস্থান করছে। রান্নার কাজ না করতে পারায় রমজানে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদেরকে।
ওই গ্রামের আবদুর রহিম মিঝি ও মমতাজ বেগম জানান, সন্ধ্যায় শুরু হওয়ায় জোয়ারের কারণে রাত ১০টা পর্যন্ত তাদেরকে পানিবন্দি থাকতে হবে। অনেকে পরিবার-পরিজন নিয়ে বেড়িবাঁধ ও দূরের গ্রাম গুলোতে গিয়ে রাস্তার ওপর আশ্রয় নিয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কার কাজ করা না হলে বেড়িবাঁধটি সম্পূর্ণ ভেঙ্গে যাবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ ছৈয়াল জানান, বুধবার বিকালে মেঘনা নদীতে হঠাৎ অস্বাভাবিক জোয়ার দেখা দেয়। এক পর্যায়ে তীব্র স্রোতে আমার ইউনিয়নের পূর্ব চররমনী মোহন এলাকার বেড়িবাঁধের প্রায় ২'শ ফুট ভেঙ্গে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় জোয়ারের পানিতে ওই এলাকার বহু ঘরবাড়ি প্লাবিত হয়।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ বলেন, খবর পেয়ে আমি ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধটি পরিদর্শন করে এসেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে শীঘ্রই বেড়িবাঁধটি সংস্কার করা হবে।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





