শপথ নিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো: নুরুজ্জামান বিশ্বাস।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের শপথকক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নুরুজ্জামান বিশ্বাস উপ-নির্বাচনে পাবনা-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে মো: নুরুজ্জামান বিশ্বাস সংসদীয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ০২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে ২৬ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিজয় লাভ করেন। নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

এমবি