আমন খেতে সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মটরের তারে জড়িয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে। নিহতরা হলেন, বাবা মকবুল হোসেন (৫৫) ও ছেলে মনোয়ার হোসেন (৩৩)।

ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা জানান, ঘটনার সময় ছেলে মনোয়ার হোসেন তাদের আমন খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মটরের সাহায্যে তার টানছিল। এ সময় ফাটা তারে ছেলে জড়িয়ে যান। তাকে বাঁচাতে বাবা মকবুল হোসেন ছুটে আসলে তিনিও একইভাবে জড়িয়ে পড়েন। সেখান থেকে তাদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহজাহান পাশা।

কেএইচ