দেশজুড়ে আলোচিত মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় করা মামলার অন্যতম আসামি যুবলীগকর্মী আলি আকবর আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে তার আটকের বিষয়টি এখনো স্বীকার করা হয়নি।

মাগুরা জজ আদালতের সিনিয়র আইনজীবী শফিকুল ইসলাম মোহন বলেন, বুধবার সকাল ১০টার দিকে তিনি আসামি আলি আকবরকে (৪০) আত্মসমর্পণের জন্য আদালত কক্ষে নিয়ে যাচ্ছিলেন।  তখন ডিবি পুলিশ তাকে  আটক করে নিয়ে যায়।

আলি আকবরের  স্ত্রী রিনা পারভিন জানান, তার স্বামীকে আদালত চত্বর থেকে সাদা পোশাকের ডিবি পুলিশ  ধরে নিয়ে গেছে।

তবে মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক আসামি আলি আকবরকে আটকের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, পুলিশের একাধিক টিম তাকে আটকের জন্য দীর্ঘদিন চেষ্টা করছে।

গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের কামরুল ভুইয়া গ্রুপের সঙ্গে আজিবর ও আলি আকবর গ্রুপের সংঘর্ষে অন্তঃসত্ত্বা মহিলাসহ তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মমিন ভূইয়া পরের দিন মারা যায়।  ১৭ আগস্ট ওই ঘটনার অন্যতম আসামি আজিবর শেখ পুলিশের ক্রসফায়ারে নিহত হন।

এএইচ