বগুড়ার শিবগঞ্জে ট্রাক দুর্ঘটনায় নিপা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে দেউলী ভরিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং বিহারপুর গ্রামের লয়া মিয়ার মেয়ে।

জানা যায়, স্কুল ছুটি হলে ওই ছাত্রী কিছু কেনার জন্য মহাসড়কের পাশের একটি মুদি দোকানে যায়। এ সময় রংপুর থেকে বগুড়া অভিমুখী পণ্যবাহী একটি ট্রাকের চাকা ফেটে যায় এবং চাকার রিং ছিটকে ওই ছাত্রীকে আঘাত করে। এতে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ