যশোরে এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটেছে। শনিবার মধ্যরাতে পরপর এই বোমার বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও বোমার কৌটা উদ্ধার করেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, শনিবার রাত আড়াইটার দিকে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবনের কাছে বোমার বিস্ফোরণ ঘটে। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যানের মালিকাধীন পাঁচ তারকা হোটেল জাবিরে বোমা বিস্ফোরণ হয়। এর আগে শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুর বাসভবনে বোমা বিস্ফোরিত হয়। এরপর চাকলাদার ফিলিং স্টেশনে বোমা বিস্ফোরণের খবর পান তারা।

এর আগে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল ও যুবলীগ নেতা রাজিবুল আলমের বাসভবনে বোমা বিস্ফোরণ হয়েছে। প্রত্যেক স্থান থেকে দুইটি করে ১২টি বোমার কৌটা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, কারা বোমার বিস্ফোরণ কারা ঘটিয়েছে পুলিশ তদন্ত করছে।