রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রশ্নে কোনো রাজনীতি নয়, কোনো দলবাজি নয় বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আজ সোমবার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘সদ্য প্রয়াত ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের শোক সভায়’ তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন: রোহিঙ্গাদের বিষয়টি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো, ঐক্যবদ্ধভাবে আপনার আমাদের সরকারকে সমর্থন করুন। সরকারকে সাহায্য করুন। আমরা দলবাজি করতে চাই না। এককভাবে করতে চাই না, সবাইকে নিয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান করবো।
মোহাম্মদ নাসিম বলেন: ২ বছর আগে মায়ের মমতা নিয়ে শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আজকে রোহিঙ্গাদের কেন্দ্র করে অশুভ শক্তির চক্রান্ত শুরু হয়ে গেছে।
সারা দুনিয়াকে বলবো, অনুরোধ করবো, দয়া করে চাপ সৃষ্টি করে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যবস্থা করুন। আমার দেশ ছোট দেশ। ১৬ কোটি মানুষের এই দেশে আজকে এই মানুষদের নিয়ে অশুভ শক্তি কাজ করছে। আমরা প্রমাণ পেয়েছি কয়েকদিন আগে।
শোক সভায় আরও বক্তৃতা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির উপদেষ্টার মণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঐক্য ন্যাপের নেতা পংকজ ভট্টাচার্য, বাংলাদেশ জাসদ সভাপতি নুরুল শরিফ আম্বিয়া, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
এএস





