সাতক্ষীরার ভোমরা বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা। হরতাল অবরোধসহ ব্যবসায়ীদের হয়রানির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে ব্যবসায়ীরা সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ করে দেন। তবে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষ বলছেন তাদের অন্ত:দ্বন্দের কারণে আমদানি-রপ্তানি বন্ধ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ব্যবসায়ীরা প্রতি ট্রাকে ৩০ টন করে ফল আমদানি করে তবে তারা কর দেন ১৪ টনের। সম্প্রতি কাস্টমস কর্তৃপক্ষ অন্তত ২০ টনের কর দাবি করায় ব্যবসায়ীরা পূর্ব ঘোষণা ছাড়াই দুপুর থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন।

ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, বন্দর থেকে আমাদের সুযোগ-সুবিধা দিন দিন কমে যাচ্ছে। তাই ব্যবসায়ীদের স্বার্থে আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কতদিন তারা আমদানি-রপ্তানি বন্ধ রাখবেন তিনি তা বলতে পারেননি।

এমকে