চাঁপাইনবাবগঞ্জে আব্দুস সামাদ ওরফে ভোদু (৩৫) নামে এক ডাকাতের দুই চোখ তুলে নিয়েছেন ক্ষুব্ধ জনতা। আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আকিমুদ্দিনের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কানসাট-ভোলাহাট সড়কের কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে কানসাট-ভোলাহাট সড়কের কাশিয়াবাড়ি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে।
একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও আব্দুস সামাদ ওরফে ভোদু ডাকাতকে ধরে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে তার দুই চোখ তুলে নেয়। খরব পেয়ে রাত ৮টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে আহত অবস্থায় ভোদুকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আব্দুস সামাদের দুটি চোখ নষ্ট হয়ে গেছে।
উল্লেখ্য, ওই সড়কে প্রায় প্রতিদিনই ডাকাতির ঘটনা ঘটে। তাই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রয়েছে।





