গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ এড়াতে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ ছাড়া ঈদের আগে সকল কারখানায় মালিক শ্রমিক বৈঠকের দাবি জানিয়েছে সংগঠনটি।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা ঈদ বোনাস পেতে শুরু করেছে। কিন্তু গার্মেন্টস কারখানায় এ বছরও ঈদ বোনাস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আমরা ২০ রমজানের মধ্যে সকল কারখানায় ঈদ বোনাস ও বেতন পরিশোধ দেখতে চাই।’
বক্তারা বলেন, ‘প্রতিবছর এ সময় গার্মেন্টস শিল্প এলাকায় ও কারখানায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তা এড়াতে মালিক-শ্রমিক বৈঠক প্রয়োজন।’
গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভিন, কেন্দ্রীয় নেতা নরুন নাহার, ফারুক খান ও লায়লা ফেরদৌস প্রমুখ।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





