অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হয়েছে বলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ১২২ ভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও এএফডব্লিউ কোর্স ২০১৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে এনডিসি ও এএফডব্লিউ কোর্সে নতুন গ্র্যাজুয়েট সদস্যদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের আগে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ ও মধ্যপর্যায়ের কর্মকর্তাদের উচ্চমানের প্রশিক্ষণের জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না। আপনাদের উচ্চশিক্ষার কথা বিবেচনা করে ১৯৯৬ সালে ক্ষমতায় থাকাকালে এনডিসি প্রতিষ্ঠা করা হয়েছে যা বর্তমানে একটি আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়াও যেকোন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের পেশাদারিত্বের কারণে সারাবিশ্বে আজ প্রশংসিত।
জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে এই অংশীদারিত্ব সময়ের পরিক্রমায় আরও শক্তি সঞ্চয় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সশস্ত্র বাহিনী তার উদ্যোগ, দক্ষতা ও পেশাদারিত্বে শ্রৈষ্ঠ্যত্ব বজায় রেখে চলবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের অভ্যন্তরে সার্বিকভাবে জনগণের অর্থনৈতিক উন্নয়ন, ক্ষমতায়ন এবং মানবিক উন্নয়নে ফলপ্রসূ হয়েছে। আমাদের পররাষ্ট্র নীতিও আমাদের দেশের উন্নয়নের অনুকূল পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নিরাপত্তাজনিত অনেক সমস্যার সমাধানে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
কোর্সের বিদেশি সদস্যদের প্রতি ভবিষ্যতে তাদের নিজ নিজ অবস্থানে থেকে বাংলাদেশের মূল্যবান প্রতিনিধি ও দূত হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি আরও বলেন, এনডিসি কোর্সে সামরিক ও বেসামরিক পর্যায়ে অংশগ্রহণকারী সদস্যদের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, রাজনৈতিক নেতৃত্ব ও মানবাধিকার বিষয়ে প্রয়োজনীয় পাঠ ও কার্যকর জ্ঞান দেওয়া হয়েছে। আপনারা এই অর্জিত জ্ঞান আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে ছড়িয়ে দেবেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত একটি স্ট্রাটেজিক ইনস্টিটিউশন হিসেবে এনডিসি সরকারের কাছে বিশেষ সমাদৃত বলেও উল্লেখ করেন তিনি।
এই কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য এরইমধ্যে ১৩২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়াও ন্যাশনাল ডিফেন্স কোর্সে বেসামরিক প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির ব্যাপারে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সামরিক-বেসামরিক সম্পর্ক উন্নয়নে এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উঁচুমানের পেশাদারিত্ব বজায় রাখার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং অনুষদ সদস্য ও স্টাফ অফিসারদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেন।
এমএ
জাতীয়
‘জনগণ ও সশস্ত্র বাহিনীর অংশীদারিত্বে শক্তি বাড়বে’
অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হয়েছে বলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ১২২ ভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





