এক স্কুলছাত্রীকে অপহরণের আধা ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাসসহ সালাম নামে এক যুবককে আটক করা হয়।
সালাম ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দখনপুর গ্রামের শহিদুলের ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফলসি গ্রাম থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করা হয়।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, হরিণাকুণ্ডু উপজেলার ওই স্কুলছাত্রী (১১) সকাল ১১টার দিকে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল।
পথিমধ্যে দুই অপহরণকারী রনী ও সালাম তাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি জানালে অভিযান চালিয়ে উপজেলার ফলসি গ্রাম থেকে মাইক্রোবাসসহ তাকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণকারী রনি পালিয়ে গেলেও সালামকে আটক করে পুলিশ।
ওসি জানান, পুলিশ সালামকে জিজ্ঞাসাবাদ করছে। এ ছাড়া উপজেলার দখলপুর গ্রামের মাহাতাবের ছেলে রনিকে আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমকে





