কালবৈশাখী ঝড়ের পর বজ্রপাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারের বানিয়াল উচ্চ বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাদিয়া (১১), জাকিয়া (১৩), নিপা (১১), ময়না আক্তার (১৪), হ্যাপি (১১), সুমাইয়া (১২), সিফাত (১৫) ও খুকুমনি (১১) নামের আটজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের সদর উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন জানান, সোমবার সকালে কালবৈশাখী ঝড়ের পর সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বারন্দায় দাঁড়িয়ে ছিল।

এ সময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটলে তারা আহত হয়। হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেয়াসহ তাদের তালিকা তৈরি করেছেন বলে জানান তিনি।

এআর