মেয়েকে অপহরণে বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে প্রাণ গেলো মা’র। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরাইছড়াবস্তি গ্রামে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, মুরাইছড়া গ্রামের মাসুক মিয়ার ঘরে ঢুকে এক দল মুখোশধারী দুর্বৃত্ত মাসুক মিয়ার মেয়ে রুমেনা বেগম (১৯) কে অপহরণের চেষ্টা চালায়। মেয়েকে টেনে হিছড়ে বাহিরে নেওয়ার সময় মেয়ের চিৎকারে মেয়ের মা ছায়রা বেগম (৪৫) ঘুম থেকে জেগে অপহরণকারীদের কাছ থেকে মেয়েকে রক্ষার চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তরা মাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয় এবং মেয়েকে রেখে পালিয়ে যায়। বাড়ির অন্যান্য লোকজন মাকে উদ্বার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত সাড়ে ৩ টায় কর্তব্যরত ডাক্তার ছায়রা বেগমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্বার করে এবং পুলিশের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে লাশ উদ্বারকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই ফরিদুজ্জামান জানান, দুর্বৃত্তদের হাতে গৃহবধু নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ পোষ্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তক্রমে বিস্তারিত জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

এমআইএস।