রাজধানী ঢাকার অদূর দোহারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেতার পর বিজয় মিছিল নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

এতে জালাল মাতব্বর নামে এক ব্যক্তি নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দোহারের বিলাশপুর ইউনিয়নের মাঝিরচরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিজয়ী ইউপি সদস্য আবুল হোসেনের লোকজন বৃহস্পতিবার বিকালে বিজয় মিছিল বের করে।

মিছিলটি পরাজিত সদস্য আলাল মাতবরের ভাই জালাল মাতবরের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই বাড়িতে হামলা চালায়।

এতে ঘটনাস্থলেই জালাল নিহত হন। পরে আলালের সমর্থকরাও আবুলের সমর্থকদের ওপর হামলা চালালে দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ৮ জনকে আটক করা হয়।

এ নিয়ে প্রথম দফা ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় ২২ জন নিহত হলেন। এর মধ্যে ভোটের দিন মঙ্গলবার ১১ জন ও ভোটের আগে ১০ জন মারা যান।

ওএফ