প্রখ্যাত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ আর নেই। গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অমর কীর্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলাভবনের সামনের ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’।
আবদুল্লাহ খালিদের ছেলে সৈয়দ আবদুল্লাহ জহির বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। বেশ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মে থেকে সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সর্বশেষ তাঁর কিডনি অকার্যকর হয়ে পড়েছিল।
আবদুল্লাহ খালিদের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী উম্মে কুলসুমসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এ বছর শিল্পকলায় (ভাস্কর্য) একুশে পদক পান গুণী এই ভাস্কর।
১৯৭৩ সালে ‘অপরাজেয় বাংলা’ নির্মাণকাজ শুরু করেন আবদুল্লাহ খালিদ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ভাস্কর্য তৈরির বিরোধিতার কারণে নির্মাণকাজ বিলম্বিত হয়। নির্মাণকাজ শেষে ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন হয় ‘অপরাজেয় বাংলা’। এরপর আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম প্রতীকে পরিণত হয় এই ভাস্কর্য।
জারিফ





