সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষার করার আহ্বান জানিয়ে খাগড়াছড়ি পার্বত্যজেলার মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি বলেন, যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সবসময়ই তৎপর আছে।
কোন ধরনের সন্ত্রাসী তৎপরতা ছাড় দেয়া হবেনা জানিয়ে তিনি বলেন, চাঁদা নেয়া যেমন অপরাধ তেমনি চাঁদা দেয়াও অপরাধ। যারা সন্ত্রাসীদের চাঁদা দিবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি এসব কথা বলেন।
প্রত্যন্ত দুর্গম জনপদের যেকোন সন্ত্রাসী কর্মাণ্ড ঘটার সাথে সাথে নিরাপত্তাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অবহিত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের কোন গোষ্ঠি বা সম্প্রদায় নেই। সন্ত্রাসী শুধুই সন্ত্রাসী। মাটিরাঙ্গাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে সবকিছুই করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. তানজিম হোসাইন, ৭ আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো: মনির আহমেদ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: এমরান হোসেন, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম প্রমুখ।
ছিদ্দিক/এমবি





