নগরীর কোতোয়ালী থানার দেওয়ান বাজার রুমঘাটা এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামসহ মোহাম্মদ ইমরান হোসেন(২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাসব। উদ্ধার করা সরঞ্জামের আনুমানিক মূল্য ১১ লাখ ৬০ হাজার টাকা।
রোববার বিকাল পাঁচটার দিকে অভিযান চালায় র্যাব। ইমরানের বাড়ি সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায়। তার বাবার নাম নুরুল কবির।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে বিভিন্ন অপারেটরের ২ হাজার ৪৬৯ সিম, একাধিক কম্পিউটার, ল্যাপটপ, মডেম, গেটওয়ে, রাউটার, এন্টেনা ও সুইচসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক শাহেদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাসা থেকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ইআর





