গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ধ্বংস করার জন্য ‘ঢাকা লজিস্টিক’ নামে লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানের শ্রমিকরা।
আজ শনিবার (২১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নেতারা এসব অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, লবিস্ট নিয়োগ করে তাদের মাধ্যমে আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন, এ লবিস্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় অবৈধভাবে ট্রেড ইউনিয়ন ধ্বংস ও শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করতে স্টেক হোল্ডার হিসেবে সরকারের সৎ ও ন্যায়পরায়ণ উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের ছবিসহ নাম ব্যবহার করে একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ড. মুহাম্মদ ঈউনূসের নীল নকশারই অংশ।
এ চক্রান্তে যুক্ত হওয়ায় ঢাকা লজিস্টিকের ব্যবসায়িক রেজিস্ট্রেশন বাতিলসহ ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবি জানান ইউনিয়নের নেতারা।
প্রধানমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শ্রমিক নেতারা গ্রামীণ টেলিকমের কর্মীদেরকে যথারীতি কাজ ও দায়িত্বে বহাল করে শ্রম আইন অনুযায়ী ডাব্লিউপিপিএফ’র প্রাপ্য অংশ অনতিবিলম্বে কর্মী ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, ইউনি গ্লোবাল ইউনিয়নের সভাপতি আমজাদ আলী খান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমীন, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের যুব বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদ, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম মাহমুদ সোহাগ প্রমুখ।
এবিএস





