কিশোরগঞ্জে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে ২জন নিহত ও ২০জন আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার কামলিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) সুনামগঞ্জ জেলার কানাইঘাট এলাকার বাসিন্দা। অন্যজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের নার্স জিনাত খান (৪৫), তিনি ময়মনসিংহ সদরের বাসিন্দা।

কটিয়াদী হাইওয়ে থানার আইসি বিএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সুনামগঞ্জ থেকে বিশাল পরিবহনের যাত্রীবাহী নাইট কোচটি রাতে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। পরে ঘন কুয়াশায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি কিশোরগঞ্জ সদরের কামালিয়ারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে হাসপাতালে ভর্তি সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসাকরা।

এমএম