পর্যায়ক্রমে বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব নাজিম উদ্দিন।

আজ বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত বাণিজ্য-সহায়ক পরামর্শ কমিটির সভায় এ কথা জানান সচিব। সভায় ব্যবসায়ী নেতারা গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে জ্বালানি সচিব এ তথ্য দেন।

রান্নার কাজে ও গাড়িতে ব্যবহার করা কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর সব প্রক্রিয়া শেষ পর্যায়ে উল্লেখ করে সচিব বলেন, ‘আমরা এ দুই প্রকার গ্যাস ব্যবহারে জনগণকে নিরুৎসাহিত করতে চাই। তাই এ দুই প্রকার গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাসাবাড়িতে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সচিব বলেন, ‘এলপি (তরলীকৃত পেট্রোলিয়াম) গ্যাস আমদানি করে বাসাবাড়িতে এলপি গ্যাস ব্যবহারে লোকজনকে উৎসাহিত করা হবে।’ তিনি আরো বলেন, ‘বাসাবাড়িতে ও সিএনজিতে যে গ্যাস দেওয়া হচ্ছে, তাতে সরকার রাজস্ব পায় এক হাজার ৩০০ কোটি টাকা। আর এ গ্যাস শিল্প খাতে দেওয়া হলে সরকার রাজস্ব পাবে ৮০ হাজার কোটি টাকা। কাজেই পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ওএফ