ঢাকার আশুলিয়ায় কার্ভাডভ্যানের ধাক্কায় সাহিদুল ইসলাম রাকিব (২৩) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকালে নরসিংহপুর-কাশিমপুর সড়কের আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদুল ইসলাম রাকিব ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমি গ্রামের লিটন হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার পবনার টেক ক্লাব এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রাকিব গাজীপুরের টঙ্গীর একটি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি জয়নাল আবেদীন অ্যান্ড সন্স নামের একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভ্যানযোগে নরসিংহপুরের দিকে যাচ্ছিলেন সাহিদুল ইসলাম রাকিব ও সহিদুল ইসলাম। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই সাহিদুল ইসলাম রাকিব মারা যান এবং গুরুতর আহত হন সাথে থাকা শহিদুল ইসলাম। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার এসআই কাইসার হামিদ বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে কাভার্ডভ্যানটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
এমআর





