মহান মে দিবস উপলক্ষে লাখো কণ্ঠে আবৃত্তি করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। সোমবার বিকেলে ঢাকা বিশ্বদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে এই আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। আবৃত্তিকার রেজাউল হোসেন টিটুর নেতৃত্বে বিকেল ৪টা ৩৬ মিনিটে শুরু হয় আবৃত্তি অনুষ্ঠান। শেষ হয় ৪টা ৫০ মিনিটে।

বিএনসিসির সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তবে অংশগ্রহণকারীদের সংখ্যা লাখ ছিল কি না, তা নিয়ে সংশয় আছে। অনেকেই মনে করছেন উপস্থিতি কয়েক হাজারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জাতীয় কবির বিদ্রোহী, সাম্যবাদী, অন্যায়, প্রেমের আদর্শ ধারণ করে আমরা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনে কাজ করছি। ১৯৪৭ সালে বঙ্গবন্ধু বিজ্ঞানহীন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহের ডাক দিয়েছিলেন। সেপথ ধরেই একাত্তরে আমরা স্বাধীনতা লাভ করি।

ইনু বলেন, তারুণ্যই পারে পুরাতনকে ঝেড়ে ফেলতে। সমাজের মধ্যে সংস্কার করতে গেলে, কেউ না কেউ সে পথে বাধা দেবে। আর তখনই বিদ্রোহ করে সংস্কার ঘটাতে হয়।

মন্ত্রী বলেন, শ্রমিকরা করুণার পাত্র নয়, তারা বিদ্রোহ করতে জানেন। যে সমাজে বিদ্রোহ হয় না, সে সমাজ এগুতে পারে না। তাই বাঙালিরাও বিদ্রোহের মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধীনতা, নব্বইয়ের স্বৈরাচারকে পরাজিত করেছে। আজ বিদ্রোহ চলছে সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিরুদ্ধে। চলছে বৈষম্য, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে বিদ্রোহ।

ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিস সিদ্দিক বলেন, বিদ্রোহের মাধ্যমে শ্রমিকরা তাদের অধিকার আদায় করেছেন। আজও সমাজে কোনো না কোনো বিষয়ে বিদ্রোহ করছেন শ্রমিকরা। নজরুল আমাদের জাতীয় কবি, যিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার শিক্ষা দেন।

এমএনজে