পুলিশের গুলিতে নিহত শিবির কর্মী ওমর ফারুক চৌধুরীর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় মোহাম্মোদিয়া মাদ্রাসা মাঠে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কাদির-হানিফ ইউনিয়নস্থ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) নোয়াখালি-ফেণী-লক্ষীপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে নোয়াখালী শহর ছাত্রশিবির।

দাফনের পূর্বে আগত জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইয়েদ আহম্মেদ, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর সভাপতি শাহ আলম, বেগমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান বোরহান উদ্দিন, নোয়াখালী শহর শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ হক, জেলা উত্তর সভাপতি মোঃ মায়াজ, জেলা দক্ষিণ সভাপতি জিয়াউল হক, সাবেক শহর শিবির সভাপতি আবু তাহের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোমবার (০৬ জুন) জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামানের আপিল বিভাগের রায়ের প্রতিবাদে নোয়াখালীর মাইজদীতে মফিজ প্লাজা এলাকায় শহর ছাত্রশিবির মিছিল বের করে। মিছিলে পুলিশ হামলা করে এবং ওমর ফারুককে মাথায় গুলি করে পাশের ড্রেনে ফেলে দেয়। পরবর্তীতে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএইচ