পরিবহন শ্রমিকদের জন্যে প্রণীত নয়া আইন শিথিলের দাবিতে যশোর-নড়াইল রুটে রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। ‘শ্রমিকদের স্বার্থবিরোধী’ এই আইন পরিবর্তনের দাবিতে তাদের বাস চালানো বন্ধ বলে জানানো হয়েছে। আর হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা।
এই রুটের বাসচালক জহুরুল ইসলাম বলেন, ‘সরকার শ্রমিক স্বার্থবিরোধী আইন পাশ করেছে। এতে অসহায় খেটে খাওয়া গরিব মানুষদের পেটে লাথি পড়বে। সেই কারণে আমরা এই রুটে স্বেচ্ছায় বাস চালানো বন্ধ করে দিয়েছি।’ গাড়িচালক ইমদাদুল বলেন, ‘আমরা যারা দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করছি, তাদের অনেকেই লেখাপড়া জানি না। কিন্তু নতুন আইনে অষ্টম শ্রেণি পাশ না হলে ড্রাইভিং লাইসেন্স কিংবা পঞ্চম শ্রেণি পাশ না হলে সুপারভাইজার হওয়া যাবে না বলে লিপিবদ্ধ করা হয়েছে।’ এই আইনের ফলে তারা কাজ হারাবেন বলে শঙ্কা প্রকাশ করেন।
বাসশ্রমিকরা তাদের ‘স্বার্থবিরোধী’ এই আইন বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান। জানতে চাইলে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন বলেন, ‘শ্রমিকদের স্বার্থবিরোধী আইন বলে তারা স্বেচ্ছায় গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। এই আন্দোলনের সঙ্গে শ্রমিক সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।’ এদিকে, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় নড়াইল বাসস্ট্যান্ডে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছেন। বিকল্প হিসেবে অবশ্য ইজিবাইকসহ ছোট ছোট যান চলাচল করছে। তবে ওইসব যানবাহনে ভাড়া বেশি।
তরিকুল ইসলাম তারেক/জেড





